যুক্তরাষ্ট্র

নিউইয়র্কের সাবওয়ে সেবা পুরোপুরি চালু

নিউইয়র্কের একটি সাবওয়ে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ২৪ ঘণ্টা ট্রেনসেবা (সাবওয়ে) চালু হয়েছে। গতকাল রোববার ভোর থেকে এই সেবা চালু করা হয়।

এই সেবা চালুর ঘোষণা দিয়ে মেট্রোপলিটন ট্রান্সপোর্ট অথোরিটির (এমটিএ) চেয়ারম্যান প্যাট ফওয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, এখন থেকে আর নগরের সাবওয়ে বন্ধ রাখা হবে না। নগরের প্রাণচাঞ্চল্যের জন্য ট্রেনে যাত্রী ফিরিয়ে আনাই এখন প্রধান লক্ষ্য। করোনাভাইরাস মহামারির কারণে ট্রেনের বগি পরিচ্ছন্ন রাখার জন্যও অতিরিক্ত উদ্যোগ নেওয়া হয়েছে।

নিউইয়র্ক শহরের সাবওয়ে ট্রেনে প্রতিদিন ২১ লাখ যাত্রী চলাচল করেন। প্যাট ফওয়ে বলেন, গত বছর মহামারি শুরুর আগে সাবওয়ের দৈনিক যাত্রীর সংখ্যা দিনে ৫০ লাখ অতিক্রম করেছিল। মহামারি শুরুর পর মে মাসে নিউইয়র্কের সাবওয়ে রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। ট্রেনের বগি ও স্টেশন পরিষ্কারের কাজ করা হতো সেই সময়। গত ফেব্রুয়ারিতে নগরের ট্রেনসেবা রাত ২টা থেকে ৪টা পর্যন্ত বন্ধ রাখা হয়। এখন ট্রেনসেবা আবার ২৪ ঘণ্টা চালু করা হলেও পরিচ্ছন্নের কাজ সমান্তরালে চলবে।

এদিকে ট্রেনসেবা চালুর সঙ্গে সঙ্গে গভীর রাতেও নগরের রেস্তোরাঁ, পানশালা খোলা রাখার অনুমতি দেওয়া হচ্ছে। এ ছাড়া নিউইয়র্ক শহরের কর্মচাঞ্চল্য ফিরিয়ে আনতে কর্তৃপক্ষ আরও কিছু উদ্যোগ নিয়েছে।

নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু ক্যুমো বলেন, অঙ্গরাজ্যের অর্ধেকের বেশি জনগোষ্ঠী এরই মধ্যে করোনার টিকা গ্রহণ করেছেন। ১২ বছরের বেশি বয়সীদের টিকা দেওয়ার অনুমোদন দেওয়ার ফলে অঙ্গরাজ্যের অধিকাংশ বাসিন্দাকে দ্রুত টিকার আওতায় আনা সম্ভব হবে।

২০২০ সালে করোনা মহামারিতে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে সংক্রমণ কমে এসেছে। ফলে শহরের পরিস্থিতি দিন দিন স্বাভাবিক হচ্ছে।