যুক্তরাষ্ট্র

উইসকনসিনে ন্যাশনাল গার্ড পাঠাচ্ছে মিশিগান

মিশিগান অঙ্গরাজ্যের গভর্নর গ্রিচেন হুইটমার

জ্যাকব ব্ল্যাক নামের এক কৃষ্ণাঙ্গকে গুলি করার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য। ২৩ আগস্ট রাতে জ্যাকবকে পুলিশ গুলি করে। এর কয়েক ঘণ্টার মধ্যেই বিক্ষোভ শুরু হয় উইসকনসিনে। এই বিক্ষোভ নিয়ন্ত্রণে সেখানে ন্যাশনালে গার্ড পাঠাচ্ছে মিশিগান সরকার।

উইসকনসিনের গভর্নরের অনুরোধে মিশিগান সরকারের পক্ষ থেকে সেখানে ন্যাশনাল গার্ড পাঠানো হচ্ছে। এটা ফেডারেল ন্যাশনাল গার্ড নয়। তাই যেকোনো সময় চাইলে গভর্নর ন্যাশনাল গার্ড ফিরিয়ে আনতে পারবেন।

মিশিগান অঙ্গরাজ্যের গভর্নর গ্রিচেন হুইটমার এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমি নিশ্চিত যে, আমাদের গার্ডরা প্রতিবেশী রাজ্য উইসকনসিনে নিরাপত্তা বজায় রাখতে এবং তাদের প্রথম সংশোধনী রক্ষায় শান্তিপূর্ণভাবে কাজ করবেন।’

জ্যাকব ব্ল্যাককে গুলি করে হত্যার চেষ্টার প্রতিবাদে উইসকনসিনের কেনোশা কাউন্টিতে বিক্ষোভ চলছে

ব্ল্যাককে গুলি করার প্রতিবাদে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের একের পর এক সংঘর্ষ হয়। এরই মধ্যে ২৫ আগস্ট রাতে দুজন বিক্ষোভকারী নিহত হন। তবে তারা পুলিশের হাতে নাকি নিজেদের মধ্যে হওয়া কোনো সংঘর্ষে মারা গেছে কিনা তা নিশ্চিত নয়।

উইসকনসিনের গভর্নর টনি এভারস কেনোশায় বিক্ষোভ নিয়ন্ত্রণে এবং বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে অন্য রাজ্যগুলোকে অতিরিক্ত ন্যাশনাল গার্ডের সদস্য পাঠানোর অনুরোধ জানিয়েছিলেন। সেখানে জরুরি অবস্থাও জারি করা হয়েছে। আলাবামা ও অ্যারিজোনা থেকেও ন্যাশনাল গার্ড যাবে উইসকনসিনে।

উইসকনসিনের গভর্নর টনি এভারস কেনোশায় বিক্ষোভ নিয়ন্ত্রণে এবং বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে অন্য রাজ্যগুলোকে অতিরিক্ত ন্যাশনাল গার্ডের সদস্য পাঠানোর অনুরোধ জানিয়েছিলেন