নিউইয়র্ক

বর্ধিত বেকার ভাতা বন্ধ হলেও থাকছে রাজ্যের প্রণোদনা

করোনা মহামারির কারণে দেওয়া ফেডারেল বর্ধিত বেকার ভাতার মেয়াদ আসছে সপ্তাহেই শেষ হচ্ছে। বর্ধিত এ প্রণোদনার মধ্যে ছিল সপ্তাহে ৩০০ ডলারের চেক, ফ্রিল্যান্সার কর্মীদের বেকার ভাতার সুবিধা প্রদান এবং দীর্ঘমেয়াদি বেকারত্ব ভাতার সুবিধা।

আগামী সপ্তাহ থেকে লাখো আমেরিকান কর্মজীবী তাঁদের আয়ের একটি অংশসহ এ সুবিধা হারাবেন। তবে, মার্কিন লেবার ডিপার্টমেন্ট জানিয়েছে, রাজ্য পর্যায়ে কর্মহীনদের আপৎকালীন সুবিধা পাওয়ার এখনো সুযোগ রয়েছে।

গত ২৬ আগস্ট মার্কিন লেবার ডিপার্টমেন্ট থেকে রাজ্য পর্যায়ে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। এ নির্দেশনায় বলা হয়েছে, ফেডারেল বর্ধিত সুবিধা বন্ধ হলেও রাজ্য পর্যায়ে এমন কর্মজীবীদের বেকার ভাতার পরিবর্তে এককালীন প্রণোদনা প্রদান করতে পারে।

মহামারির কারণে মার্কিন অর্থনীতি অচল হয়ে পড়লে কর্মজীবীদের জন্য অতিরিক্ত বেকার ভাতা চালু করা হয়। এ বেকার ভাতা পাওয়ার মেয়াদ একাধিকবার বর্ধিত করা হয়েছে। অর্থনীতি এখনো আগের অবস্থায় ফেরেনি। সরকার নানা প্রণোদনা দিয়ে অর্থনীতিতে চাঞ্চল্য নিয়ে আসার চেষ্টা করছে।

সেঞ্চুরি ফাউন্ডেশন নামের সংগঠনের দেওয়া তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে আমেরিকার ৭৫ লাখ কর্মজীবী বেকার ভাতার বর্ধিত সুবিধা হারাবে।

বাইডেন প্রশাসন গত মার্চে দেওয়া নাগরিক প্রণোদনার সঙ্গে রাজ্য পর্যায়ে অর্থ বরাদ্দ করেছে। এ অর্থ থেকে স্থানীয় পর্যায়ে কর্মহীনদের সুবিধা প্রদানের জন্য এখন বলা হচ্ছে।

ফেডারেল মেয়াদ শেষ হওয়ার আগে যে রাজ্যগুলো জুন ও জুলাইয়ে বর্ধিত সুবিধা বন্ধ করে দিয়েছে সেগুলো হলো—আলাবামা, আলাস্কা, অ্যারিজোনা, ফ্লোরিডা, জর্জিয়া, আইদাহো, লুইজিয়ানা, মিসিসিপি, মিসৌরি, মনটানা, নেব্রাস্কা, নিউ হ্যাম্পশায়ার, নর্থ ডাকোটা, ওহাইও, ওকলাহোমা, সাউথ ক্যারোলাইনা, সাউথ ডাকোটা, টেনেসি, টেক্সাস, ইউটাহ, ওয়েস্ট ভার্জিনিয়া ও ওয়াইওমিং।

শ্রম ও ট্রেজারি বিভাগের কর্মকর্তাদের ১ আগস্ট দেওয়া চিঠিতে বলা হয়েছে, বেকার কর্মজীবীদের মজুরি অব্যাহত রাখতে কংগ্রেস আমেরিকান রেসকিউ প্ল্যানে বরাদ্দ করা ৩৫০ বিলিয়ন ডলার মহামারি তহবিল ব্যবহার করতে পারে।