নিউইয়র্ক

নিবন্ধন ছাড়াই বিনা মূল্যে করোনার টিকা

করোনার প্রতীকী টিকা

নিউইয়র্কে এবার নিবন্ধন করানো ছাড়াই বিনা মূল্যে করোনার টিকা নেওয়া যাবে।

নিউইয়র্ক নগরীর স্বাস্থ্য বিভাগ, নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এবং বাংলাদেশ সোসাইটির সহযোগিতায় ৮ এপ্রিল থেকে ১১ এপ্রিল বিনা মূল্যে এই টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর ভেন্যু বাংলাদেশ সোসাইটি, ৮৬-২৪ হুইটনি অ্যাভিনিউ, এল্মহার্স্ট, নিউইয়র্ক-১১৩৭৩।

নিউইয়র্কের বাংলাদেশ কনসাল জেনারেল অফিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৮ থেকে ১১ এপ্রিল (বৃহস্পতি, শুক্র, শনি ও রোববার) সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই টিকাদান কর্মসূচি পরিচালিত হবে।

নিউইয়র্কে বসবাসরত ১৮ বছর ও তদূর্ধ্ব বয়সের ব্যক্তিরা আগে আসলে আগে পাবেন ভিত্তিতে জনসন অ্যান্ড জনসনের পূর্ণ এক ডোজ টিকা গ্রহণ করতে পারবেন। এ ক্ষেত্রে আগে নিবন্ধন করার কোনো প্রয়োজন নেই। নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের স্বেচ্ছায় এ টিকা গ্রহণের জন্য আহ্বান জানানো যাচ্ছে। টিকা নেওয়ার জন্য সচিত্র আইডি/পরিচয়পত্র সঙ্গে আনতে হবে।