নিউইয়র্ক

জাবেদ উদ্দিনের স্টেট অ্যাসেম্বলি প্রক্লেমেশন লাভ

প্রক্লেমেশন অ্যাওয়ার্ড হাতে জাবেদ উদ্দিন

ইতিবাচক কর্মসূচি নিয়ে করোনা মহামারিতে জরুরি অবস্থা চলাকালীন নিউইয়র্কে মানুষের পাশে অবিশ্রান্ত কাজ করে গেছেন এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন। এ কারণে তিনি স্টেট অ্যাসেম্বলিম্যানের অফিস থেকে সম্মান স্বরূপ প্রক্লেমেশন অ্যাওয়ার্ড পেয়েছেন।

গত ২৫ আগস্ট বিকেলে নিউইয়র্কের স্টেট অ্যাসেম্বলিম্যানের অফিসের জোহরান মামদানির হাত থেকে জাবেদ উদ্দিন এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন। এ সময়ে স্টেট অ্যাসেম্বলির অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মহামারির শুরু থেকেই করোনা আক্রান্ত মানুষের মধ্যে মাস্ক, স্যানিটাইজার ও দরিদ্রদের বাসায় খাবার পৌঁছানোসহ নানা সেবামূলক কাজ করেছে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি। এর নেতৃত্বে ছিলেন জাবেদ উদ্দিন।

গত রমজানে সংগঠনটি স্থানীয় মানুষদের মধ্যে ইফতার বিতরণ করে। করোনাকালে যারা পরিবারের সদস্য হারিয়েছেন, সংগঠনটি তাঁদের অনেকের পাশেই সহমর্মী থেকে জানাজা, দাফনসহ তাৎক্ষণিক প্রয়োজনীয় কাজে সহযোগিতা করেছে। জাবেদ উদ্দিন মানব কল্যাণে সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে সংগঠনের সদস্যদের উদ্বুদ্ধ করে চলেছেন।

এই জনহিতকর কাজের জন্য কয়েক সপ্তাহ আগে সংগঠনটি কংগ্রেস অফিস ও ডাউন টাউন ম্যানহাটন বাংলাদেশি কমিউনিটি থেকে সম্মানজনক অ্যাওয়ার্ড এবং সিনেটর দপ্তরসহ নিউইয়র্কের বিভিন্ন সংগঠন থেকে উৎসাহমূলক অ্যাওয়ার্ড পেয়েছে।

স্টেট অ্যাসেম্বলির প্রক্লেমেশন অ্যাওয়ার্ড গ্রহণ করে সংগঠনের সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন বলেন, মানুষ মানুষের পাশে থেকে কাজ করলে কীভাবে সমস্যা সমাধান করা যায়, তা তিনি অর্জন করেছেন। সেই অভিজ্ঞতার আলোকেই সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।

জাবেদ উদ্দিন মৌলভীবাজার জেলার ১ নং খলিলপুর ইউনিয়নের কেশবচর গ্রামের অধিবাসী। বর্তমানে তিনি স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তিনি মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি ইউএসএ ইন্‌ক-এর সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

জাবেদ উদ্দিন বলেন, মানব সেবায় কাজ করার জন্য তাঁকে স্টেট অ্যাসেম্বলি অফিস যে সম্মান দিয়েছে, এর জন্য তিনি কৃতজ্ঞ। এই জনহিতকর কাজে তাঁকে যারা সহযোগিতা করেছেন, তাঁদের কাছে তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সেই সঙ্গে আশাবাদ ব্যক্ত করেন, চলমান কার্যক্রম মহামারি অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।