বিজ্ঞাপন

লিঙ্গগত কারণে কোনো ব্যক্তির উদ্দেশ্যে আপত্তিজনক এবং অশালীন কথা বলা, অঙ্গভঙ্গি প্রদর্শন এবং শারীরিকভাবে আপত্তিজনক আচরণও যৌন হয়রানি। এই আচরণ শুধু নারী বা পুরুষের জন্য সীমাবদ্ধ নয়, বরং তৃতীয় লিঙ্গ এবং যে কারও জন্য প্রযোজ্য। শারীরিক সংস্পর্শ না থাকলেও তির্যক বা যৌন সংশ্লিষ্ট মন্তব্য, দৃষ্টিভঙ্গি এবং আকার-ইঙ্গিত যৌন হয়রানির মধ্যে অন্তর্ভুক্ত। অজ্ঞাতসারে কিংবা কৌতুক করে কোন মন্তব্য যৌন হয়রানির মধ্যে পড়তে পারে, এ ব্যাপারে সবাইকে যথাযথ প্রশিক্ষণ গ্রহণ করা জরুরি।

নিউইয়র্ক নগরে ১৫-এর বেশি কর্মচারীর কর্মস্থলের সবার জন্য বাধ্যতামূলক যৌন হয়রানি রোধে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। নিউইয়র্ক রাজ্যের আইন অনুযায়ী, এক কিংবা একাধিক কর্মচারীর যেকোনো প্রতিষ্ঠানের জন্য যৌন হয়রানি প্রতিরোধের প্রশিক্ষণ গ্রহণ করা বাধ্যতামূলক। নিউইয়র্ক নগরের মানবাধিকার কমিশন অনলাইনে যৌন হয়রানি প্রতিরোধের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছে, যা নিউইয়র্ক রাজ্যের জন্যও প্রযোজ্য। সবার জন্য যৌন হয়রানি প্রতিরোধ প্রশিক্ষণ গ্রহণ করা জরুরি। এই প্রশিক্ষণে কোন কোন বিষয় যৌন হয়রানির মধ্যে অন্তর্ভুক্ত এবং কীভাবে প্রতিকার পাওয়া যায় সে ব্যাপারে যথাযথ ধারণা পাওয়া যাবে। যৌন হয়রানির অন্তর্ভুক্ত কিছু বিষয় সম্পর্কে আলোচনা করা হলো—

অপ্রত্যাশিত এবং অশালীনভাবে কোনো ক্রেতা, কর্মচারী কিংবা সহকর্মীকে শরীর স্পর্শ করা। কোনো ব্যক্তিকে অযাচিতভাবে স্পর্শ করলে এবং স্পর্শকাতর স্থানে উদ্দেশ্যে প্রণোদিতভাবে স্পর্শ করার করলে তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ হবে।

অসামাজিক কাজে সাড়া না দিলে হুমকি প্রদান কিংবা অনৈতিক কাজে বাধ্য করা যৌন হয়রানির অন্তর্ভুক্ত। সহকর্মী কিংবা অধীনস্থ কাউকেই কোনো ভাবে আহ্বানে সাড়া না দেওয়ার কারণে বৈষম্যমূলক আচরণ কিংবা হয়রানি করা যাবে না।

কোনো ব্যক্তির চেহারা, শরীর কিংবা পোশাকের ধরন নিয়ে যৌন সংশ্লিষ্ট কোনো মন্তব্য করা যাবে না। কাউকে সরাসরি কিংবা কারও ব্যাপারে অশালীন মন্তব্য করতে সতর্ক থাকতে হবে।

যৌন সংসর্গের প্রস্তাব কিংবা অন্যান্য যেকোনো যৌন আকর্ষণ দ্বারা কোনো ব্যক্তিকে পদোন্নতি কিংবা অন্য কোনো সুবিধা প্রদানের জন্য প্রলুব্ধ করা যাবে না। যৌন আচরণের জন্য বৈধ কিংবা অবৈধভাবে কোনো সুযোগ-সুবিধা প্রদান করা যাবে না। কর্মক্ষেত্রে কোনো যৌন আচরণ কোনো কিছুর নিয়ামক হতে পারবে না।

পর্নোগ্রাফির ছবি, কার্টুন কিংবা গ্রাফিতি কম্পিউটার, ইমেইল, সেলফোন, বুলেটিন বোর্ড ইত্যাদিতে প্রদর্শন করা যাবে না। কাউকে উদ্দেশ্য করে পর্নোগ্রাফি টেক্সট মেসেজ কিংবা ছবি যুক্ত কোনো কিছু পাঠানো যাবে না এবং প্রদর্শন করা যাবে না। যৌনতার আবেদন কিংবা আবেগপূর্ণ যোগাযোগ যৌন হয়রানির অন্তর্ভুক্ত।

লিঙ্গভিত্তিক বৈষম্যমূলক কিংবা মর্যাদাহানিকর কোনো মন্তব্য করা যাবে না। নারী, পুরুষ, তৃতীয় লিঙ্গ এবং অন্য সবার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। কর্মস্থলে তৃতীয় লিঙ্গ এবং অন্য সমলিঙ্গের প্রতি শ্রদ্ধাশীল ও মর্যাদাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে।

কর্মস্থলে যৌন হয়রানির বিরুদ্ধে সোচ্চার হলে নিয়োগ কর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা অন্য যে কেউ আপনার বিরুদ্ধে পদক্ষেপ নেয়, তাহলে সেটাও যৌন হয়রানির অভিযোগ হিসেবে বিবেচিত হবে।

নিউইয়র্ক নগরের মানবাধিকার আইন অনুসারে, কোনো নিয়োগ কর্তা কিংবা কর্মকর্তার যৌন হয়রানির বিরুদ্ধে সোচ্চার ব্যক্তির প্রতি প্রতিশোধমূলক ও বৈষম্যমূলক আচরণ করা সম্পূর্ণ নিষেধ। যৌন হয়রানির কারণে সরাসরি কাজের পদমর্যাদা হ্রাস, চাকরিচ্যুত কিংবা বিরূপ আচরণ দ্বারা কাজের চাপ বাড়িয়ে দেওয়া কিংবা অপছন্দের অনাকাঙ্ক্ষিত এলাকা স্থানান্তর করা ইত্যাদি প্রতিশোধমূলক কাজ হিসেবে বিবেচনা করা হবে। নগরের মানবাধিকার আইন সব সময় যৌন হয়রানির বিরুদ্ধে জনগণকে নিরাপত্তা দেবে।

কেউ যৌন হয়রানির শিকার হলে কিংবা এ ঘটনার প্রত্যক্ষদর্শী হলে ম্যানেজারকে জানাতে হবে। মানবসম্পদ বিভাগকেও জানাতে পারেন। নিউইয়র্ক নগরের মানবাধিকার কমিশনের কাছে যৌন হয়রানির বিরুদ্ধে রিপোর্ট করতে হবে।

নগরের মানবাধিকার কমিশনের কাছে যৌন হয়রানির অভিযোগ করার জন্য বিস্তারিত জানতে নিউইয়র্ক নগরের মানবাধিকার কমিশনের ওয়েবসাইট ভিজিট করুন। এ ছাড়া ২১২-৪১৬-০১৯৭ নম্বরে ফোন করে অভিযোগ জানানো যেতে পারে। নাম-পরিচয় গোপন রেখেও অভিযোগ দায়ের করা যাবে।

উত্তর আমেরিকা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন